মঙ্গলবার একনেকে উঠছে আইসিটি বিভাগের  ‘এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি’ প্রকল্প

৬ ডিসেম্বর, ২০২১ ২০:০৫  
দেশের সরকারি বেসরকারি সব পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের সব বিভাগ ও সংস্থার জন্য স্থাপন করা হবে একটি সমন্বিত ক্লাউড-কম্পিউটিং ডিজিটাল প্ল্যাটফর্ম। পাশাপাশি দেশে ডিজিটাল অর্থনীতির পরিবেশ তৈরি করতে সাইবার নিরাপত্তায় দক্ষ করে গড়ে তোলা হবে যুব সমাজকে। এ লক্ষ্যে ‘এনহেন্সিং ডিজিটাল গভর্নমেন্ট অ্যান্ড ইকোনমি’ নামে একটি প্রকল্প হাতে নিয়েছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ। মঙ্গলবার প্রকল্পটি চূড়ান্ত অনুমোদনের জন্য জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় উপস্থাপন করা হতে পারে। সোমবার এমনটাই জানিয়েছেন পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সদস্য মো. মামুন-আল-রশিদ। প্রকল্পটি বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে দুই হাজার ৫৪১ কোটি ৬৪ লাখ টাকা। এরমধ্যে প্রায় ৯৯ শতাংশ, ২ হাজার ৫০৭ কোটি টাকা যোগান দিচ্ছে বিশ্বব্যাংক। প্রকল্পটির জন্য বাকি ৩৪ কোটি ৫৯ লাখ টাকা দেওয়া হবে সরকারের নিজস্ব তহবিল থেকে। প্রকল্প প্রস্তাবে বলা হয়েছে, প্রকল্পটি বাস্তবায়িত হলে বছরে প্রায় ২০ কোটি ডলারের সমপরিমাণ এক হাজার ৭০০ কোটি টাকা ব্যয় সাশ্রয় হবে। অনুমোদন পেলে আগামী জানুয়ারি থেকে প্রকল্পটির কাজ শুরু করে  ২০২৬ সালের ডিসেম্বরে শেষ করতে চায় বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।  প্রকল্পবাস্তবায়নের মাধ্যমে সরকারের সব বিভাগ ও সংস্থার জন্য একটি সমন্বিত ক্লাউড-কম্পিউটিং ডিজিটাল প্ল্যাটফর্ম স্থাপন করে সেখানে অনুমোদিত ব্যবহারকারীরা তাদের যে কোনও দলিল জমা রাখার সুযোগ তৈরি করা হবে। এর মাধ্যমে সরকারি বেসরকারি সব পর্যায়ে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া প্রকল্পের আওতায় সরকারের সক্ষমতা বাড়াতে একটি ডিজিটাল লিডারশিপ একাডেমি স্থাপন করা হবে। নিরাপদে ডেটা সংরক্ষণে নিজস্ব ক্লাউড কম্পিউটিং ছাড়াও প্রকল্পের আওতায় নারীকে অগ্রাধিকার দিয়ে এক লাখ যুবককে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।